ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে দুর্ভোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আজ শুক্রবার দুপুর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। সকালে এই সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে মহাসড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় এবং খানাখন্দ মেরামতকাজ চলায় এই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
কালিয়াকৈর পরিবার বাসের চালক সুরুজ মিয়া বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে কালিয়াকৈরের সফিপুর পর্যন্ত আসতে। ভাঙাচোরা সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কের অনেক স্থানে মেরামতকাজ চলায় ওই সব স্থানে গাড়ি বন্ধ করে বসে থাকতে হয়।
ট্রাকচালক সোলায়মান হোসেন বলেন, সড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। তাঁরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তাহলে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো না।
আজ সকালে চন্দ্রা এলাকার যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ঈদ উপলক্ষে গাজীপুরে যানজট নিরসন করতে ১ হাজার ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ঈদের মতো এই ঈদেও যানজট হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, কোনাবাড়ী থেকে সফিপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক মেরামত করা ও সড়কে খানাখন্দ থাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।