ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে দুর্ভোগ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে এ সড়কে যাতায়াত করা বিভিন্ন যানের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল সোমবার রাত নয়টার পর থেকে থেকে শুরু হওয়া এ যানজট বর্তমানে মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা থেকে গোড়াই শিল্পাঞ্চলের স্কয়ার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী যানবাহনের চালকেরা বলেন, মহাসড়কে চারলেনে উন্নীতকরণের কাজ চলছে। এর মধ্যে গত শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। গতকাল দুপুরের পর যানজটের পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে রাত নয়টার পর থেকে আবারও মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট শুরু হয়। গভীর রাতে মহাসড়কের কিছু অংশ যানজটে একেবারে স্থবির হয়ে পড়ে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলতে শুরু করলেও অতিরিক্ত যানবাহনের কারণে এখনো তা অব্যাহত আছে।
মির্জাপুর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের বলেন, তিনি সিলেট থেকে গতকাল সন্ধ্যায় রওনা হয়ে আজ ভোররাত সাড়ে চারটার দিকে গাজীপুরের চন্দ্রায় যানজটে পড়েন। সেখান থেকে মির্জাপুর পৌঁছাতে মাত্র ৩০-৩৫ মিনিটের রাস্তা প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারি বলেন, কালিয়াকৈর উপজেলায় মহাসড়কে ওপর শিলাবৃষ্টি নামের পাম্প এলাকায় রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সেখানে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে।