ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাত থেকে চলছে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় যানজট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ।
যানজটে আটকে থাকা বাসের যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, তিনি পঞ্চগড় থেকে আসছেন। সকালে তাঁর গাজীপুরের চৌরাস্তায় পৌঁছানোর কথা। কিন্তু দুপুর ১২টার দিকে তিনি কেবল মির্জাপুর পার হয়েছেন।
ট্রাকচালক আব্দুর রাজ্জাক বলেন, ভোর পাঁচটার সময় তিনি যমুনা সেতু পার হয়ে যানজটে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুরের দেওহাটা পার হন।

মির্জাপুর ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলামের ভাষ্য, এমনিতেই গতকাল ছিল শেষ কর্মদিবস বৃহস্পতিবার। তারওপর রমজানে মানুষ ঘরমুখো ছিল। এ কারণে গতকাল বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তা ছাড়া মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিংয়ে ও মির্জাপুর বাইপাস স্টেশনে বৃষ্টির কারণে বড় গর্ত হয়। সেখান দিয়ে চলাচলকারী যানবাহনের গতি কমে যায়। ধেরুয়াতে উড়ালসেতু না থাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এসব কারণে রাত দশটার পর থেকে যানজট লাগে। একপর্যায়ে রাতে তা টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সকাল সাড়ে নয়টার দিকে সাজেদুল ইসলাম বলেন, মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।
বেলা দেড়টার দিকে গোড়াই থেকে কৌনি পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে বলে তিনি জানান।