ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাত থেকে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজট চলছে। গতকাল সোমবার রাত ১০টার পর থেকে যানজট শুরু হয়। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে গাড়ি চলছিল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পুলিশের ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলাম সকাল নয়টার দিকে বলেন, রাতে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল। এখন নাতিয়াপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। কেন যানজটের সৃষ্টি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, রাত থেকে পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। এ কারণে যানজট তীব্র হয়েছে।
ঢাকা থেকে জামালপুরগামী বাসের চালকের সহযোগী আমিনুল ইসলাম বলেন, চন্দ্রার আগেই তিনি যানজটে পড়েন। চন্দ্রা থেকে মির্জাপুর পৌঁছাতে তাঁর প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। অথচ এই পথ পার হতে মাত্র আধঘণ্টা সময় লাগে।