ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটার স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটে আটকা স্থবির হয়ে আছে যান। ছবিটি আজ সকালে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস সড়ক থেকে তোলা। ছবি: সোহেল মহসিন, মির্জাপুর
যানজটে আটকা স্থবির হয়ে আছে যান। ছবিটি আজ সকালে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস সড়ক থেকে তোলা। ছবি: সোহেল মহসিন, মির্জাপুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে নাতিয়াপাড়া পর্যন্ত প্রায় ​৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই মহাসড়কে যান চলাচল অনেকটা স্থবির হয়ে পড়েছে।
আজ ​বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঈদের তিন দিনের ছুটি। ফলে গতকাল বুধবার শেষ কর্মদিবস শেষে চাকরিজীবীরা রওনা হয়েছে বাড়ির উদ্দেশে। তাই রাত থেকে এই সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। এর মধ্যে গাড়ি চলছিল খুবই ধীর গতিতে। তবে সকাল থেকে যানবাহনের গতি একেবারেই কমে যায়। এর মধ্যে আবার সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানও দেখা গেছে। যদিও এ সময় কাভার্ড ভ্যান, ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
রিফাত হোসেন নামে এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তিনি বুধবার সন্ধ্যা ৬টায় মহাখালী থেকে বাসে ওঠেন। আর টাঙ্গাইল পৌঁছেছেন আজ পৌনে ১১টায়।
ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। এই দূরত্ব পেরোতে রিফাতের সময় লেগেছে প্রায় ১৭ ঘণ্টা।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিক বললেন, তিনি বুধবার রাত ৯টায় মহাখালী থেকে বাসে ওঠেন। এখনো তিনি মির্জাপুরে পৌঁছাতে পারেননি।

বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ জানিয়েছেন, বুধবার সব পোশাক কারখানা ছুটি হয়েছে। এতে এই এলাকায় মহাসড়কে ব্যাপক চাপ তৈরি হয়েছে।