ঢাকা-টাঙ্গাইল রুটে ট্রেন সার্ভিস চালুর দাবিতে নাগরিক সমাবেশ

ঢাকা-টাঙ্গাইল রুটে ট্রেন সার্ভিস চালুর দাবিতে শনিবার টাঙ্গাইল রেলস্টেশনে নাগরিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা টাঙ্গাইল ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি চলার সময় বক্তব্য দেন ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক যুগ্ম সচিব সাইদ এম লুৎফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মোস্তফা ও আকিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল আলম, ঢাকাস্থ টাঙ্গাইল ফাউন্ডেশনের সভাপতি মনি খন্দকার, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রৌফ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, নাট্যকর্মী সাম্য রহমান ও তানভীর প্রবাল, সাজাদুর রহমান খোশনবীশ প্রমুখ।
কর্মসূচি চলার সময় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নাট্য অভিনেতা শহীদুজ্জামান সেলিম মুঠোফোনে ঢাকা থেকে বক্তব্যের মাধ্যমে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আয়োজকেরা বলেন, কর্মসূচিতে ৭৬টি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয়।