ঢাকা-টাঙ্গাইল সড়কে ঈদপূর্ব যানজটের কারণগুলো
অস্বাভাবিক গাড়ির চাপ, রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়া ও ট্রাফিক আইন না মানার কারণে প্রতিবারের মতো এবারও ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছিল। ফলে ঘরমুখো হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া রোববারের হরতালের কারণে এবার পরের দুই দিন রাস্তায় অতিরিক্ত চাপ পড়ে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ মহাসড়কে এখন স্বাভাবিক অবস্থায়ই প্রতিদিন প্রায় দশ হাজার যানবাহন চলাচল করে। ঈদকে সামনে রেখে এ সংখ্যা বেড়ে গিয়ে কমবেশি দ্বিগুণ হয়। বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার সুপারভাইজার নজরুল ইসলাম জানান, এবার ঈদের আগে ১৫ নভেম্বর ১৯ হাজার ৯৫টি গাড়ি এবং ১৬ নভেম্বর ১৫ হাজার ৬৪৩টি গাড়ি সেতু পার হয়েছে। এর বাইরেও টাঙ্গাইল ও জামালপুর জেলার কয়েক হাজার গাড়ি ঢাকা-টাঙ্গাইল সড়কে চলাচল করেছে। পুলিশ সূত্র জানায়, এর ওপর ঈদ সামনে রেখে মহাসড়কে নামা ঢাকার বিভিন্ন লোকাল রুটের পুরোনো ও ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় প্রায়ই বিকল হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়।টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬৫ কিলোমিটার দীর্ঘ টাঙ্গাইল অংশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে মাত্র একটি রেকার আনা হয়েছিল। তিনি বলেন, গাড়ি বিকল হওয়ার পর খবর পেয়ে সেখানে পৌঁছাতে পৌঁছাতেই তীব্র যানজট লেগে যায়। পুলিশ সুপার মত দিলেন, প্রতি ২০ কিলোমিটারের জন্য একটি করে রেকার রাখা প্রয়োজন। ঈদের আগের দিন ঢাকা থেকে টাঙ্গাইলে আসা একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা শামিম হাসান প্রথম আলোকে জানান, তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে সকাল ছয়টায় রওনা হয়েও নয় ঘণ্টায় টাঙ্গাইলে পৌঁছেছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, যাত্রীবাহী গাড়ির পাশাপাশি প্রচুর গরুবাহী ট্রাক এ রাস্তায় চলাচল করেছে। এই গাড়িগুলো যানজটের অন্যতম কারণ ছিল। এ ছাড়া দূরপাল্লার দোতলা বাস বিকল হওয়ায় তা রেকার দিয়ে সরাতেও অনেক সময় লাগে। নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক ঝান্ডা চাকলাদার বলেন, ব্যস্ত এই মহাসড়ক অবিলম্বে চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হওয়া পর্যন্ত এভাবে মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।