প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সমঝোতাপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে উল্লেখযোগ্যভাবে জোরদার হবে। গতকাল শনিবার ঢাকায় সোনারগাঁও হোটেলে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও তাঁর স্ত্রী আকিয়ে আবের সম্মানে দেওয়া এক ভোজসভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের ব্যাপকভিত্তিক অংশীদারত্বের আলোকে আমরা এর পূর্ণ সুযোগ-সুবিধা গ্রহণের অপেক্ষায় রয়েছি।’ তিনি বলেন, বাংলাদেশ জাপানি বিনিয়োগকারীদের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য কাজ করছে; যাতে করে তাঁরা সহজে তাঁদের শিল্প স্থানান্তর বা শুরু করতে পারেন।’
ঢাকা সফরকালে আবের সঙ্গে উচ্চক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়ী প্রতিনিধিদল আসায় শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে বিদ্যমান শিল্পবান্ধব পরিবেশ, বাণিজ্যিক সুবিধা, প্রতিযোগিতামূলক বিনিয়োগ ও প্রণোদনা সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন।
শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে জাপানের জনগণ ও সরকারের দেওয়া দৃঢ় সমর্থন এবং সহানুভূতির কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী আবের সঙ্গে খুবই আন্তরিক ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারত্ব আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আবে গত কয়েক বছরের বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নের জন্য রূপকল্প-২০২১ সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই অগ্রযাত্রায় অতীতের ন্যায় বিশ্বস্ত ও সক্রিয় অংশীদার হিসেবে জাপানকে পাশে পাব।’
ভোজসভার পর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।