ঢাকা থেকে অপহরণ সাতক্ষীরায় উদ্ধার
ঢাকা পল্লবী থেকে অপহরণ করা শিশুকে (৩) সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার এসএ পরিবহনের কাউন্টারে মুক্তিপণের টাকা তোলার সময় অপহরণকারীকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়।শিশুটির বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক হিসেবে কর্মরত। শিশুর মামা জানান, ১৬ জানুয়ারি বিকেলে দুই শিশু তাঁদের বাসার দারোয়ান হারুন-অর-রশিদের সঙ্গে খেলা করছিল। সন্ধ্যা সাতটার এক শিশু ঘরে ফিরে জানায়, আরেক শিশুকে দারোয়ান নিয়ে গেছে। রাত সোয়া ১১টার দিকে পল্লবী থানায় দারোয়ান হারুন-অর-রশিদের নামে মামলা করা হয়। পরের দিন সকালে শিশুর বাবার কাছে ফোনে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আলোচনার মাধ্যমে মুক্তিপণের টাকা কমিয়ে চার লাখ টাকা করে এসএ পরিবহনের মাধ্যমে সাতক্ষীরায় পাঠাতে বলা হয়।সকাল সাড়ে নয়টায় ঢাকা থেকে সাতক্ষীরা কাউন্টারে চার লাখ টাকা পাঠানো হয়। সুমন নামের একজন মুঠোফোন দেখিয়ে টাকা নিতে আসেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি সুমন নন, হারুন-অর-রশিদ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সাতক্ষীরা শহরের শহীদ রাজ্জাক পার্কের শান্ত নামের একটি স্টলের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। হারুনকে পুলিশে সোপর্দ করা হয়।