ঢাকা থেকে অপহূত নয় মাসের শিশু শেরপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বনানীর সাততলা বস্তি থেকে অপহূত শিশু রবিউল হাসানকে (৯ মাস) গতকাল শনিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারীপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. খোকন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শিশু রবিউল বরগুনার পশ্চিম বুড়িরচর গ্রামের ইদ্রিস গাজীর ছেলে। আটক হওয়া খোকন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের আলম গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বেলা দুইটার দিকে খোকন শিশু রবিউলকে কোলে নিয়ে ঝিনাইগাতীর গজারীপাড়া গ্রামে ইতস্ততভাবে ঘোরাফেরা করতে থাকলে এলাকাবাসী থানায় জানান। পুলিশ জারীপাড়া গ্রামে গিয়ে খোকনকে আটক ও রবিউলকে উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ওসি গোলাম মোর্শেদ বলেন, বর্তমানে শিশুটি নলকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রশিদের জিম্মায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন পারিবারিক দ্বন্দ্বের জেরে রবিউলকে অপহরণ করার কথা স্বীকার করেছেন।
ঢাকার বনানী থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক জানান, পূর্বপরিচয়ের সূত্রে খোকন শুক্রবার বনানীর সাততলা বস্তির ইদ্রিস গাজীর বাসায় আসেন। ওই দিন দুপুরের তিনি শিশুটিকে নিয়ে যান।