ঢাকা থেকে অপহূত ব্যবসায়ী চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গোপীবাগ থেকে অপহূত এক ঠিকাদারকে চট্টগ্রাম নগরীর সল্টগোলার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাব সদস্যরা বাসা থেকে এক মহিলাসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করে। র‌্যাব সূত্র জানায়, গত ২০ জুলাই রাজধানী থেকে অপহূত হন ইয়াকুব আলী (৪৫) নামের ওই ঠিকাদার। সন্ত্রাসীরা তাঁর পরিবারের কাছ থেকে ২৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে আটদিন পর গত মঙ্গলবার রাত ৮টায় ইয়াকুবকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য মো. রুবেল (২৪) এবং সুমী আক্তারকে (৩০) গ্রেপ্তার করা হয়। সুমী অপহরণকারী চক্রের মূল হোতা মো. জসীম উদ্দিনের স্ত্রী। জসীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। র‌্যাব-৭-এর উপঅধিনায়ক মেজর আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁও গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী পেশায় ওয়েল্ডিং ঠিকাদার। অপহরণের পর তাঁর পরিবারের কাছে মোবাইল ফোনে ২৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। ইয়াকুবকে চট্টগ্রামে লুকিয়ে রাখা হয়েছে—এমন খবর পেয়ে আমরা কৌঁশলে ফোনে অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণ নিয়ে দর কষাকষি শুরু করি।’ মেজর সামাদ আরও বলেন, ‘বন্দর থানার সল্টগোলা এলাকার সেকান্দার আলীর ভাড়া ঘরে ইয়াকুবকে আটকে রাখা হয়। সেখানেই মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে আমরা যাই এবং অভিযান চালিয়ে ইয়াকুবকে উদ্ধার ও অপহরণকারী চক্রের দুজনকে গ্রেপ্তার করি।’