ঢাকা থেকে অপহূত শিশু খুলনায় উদ্ধার গ্রেপ্তার দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে অপহূত এক শিশুকে খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।উদ্ধার হওয়া শিশুটির নাম অনন্যা। বয়স আড়াই বছর। সে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কবুতরপাড়া গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মো. রাশেদের মেয়ে।অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজন হলেন মোবারক হোসেন (২৫) ও রায়হান শেখ (২৬)। মোবারক বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি গ্রামের বাসিন্দা আর রায়হানের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার হোসখালী গ্রামে।অনন্যার বাবা মো. রাশেদ সাংবাদিকদের জানান, গ্রেপ্তার মোবারক ও রায়হান তাঁর মালিকানাধীন অনন্যা ওয়াশিং ফ্যাক্টরির কর্মচারী ছিলেন। সেই সুবাদে তাঁর বাড়িতে তাঁদের যাওয়া-আসা ছিল। গত সোমবার বিকেলে তাঁরা দুজন তাঁর বাড়িতে যান এবং তাঁর স্ত্রী রিনা বেগমকে জানিয়ে অনন্যাকে নিয়ে বাইরে ঘুরতে বের হন। কিন্তু দীর্ঘক্ষণ পরও তাঁরা অনন্যাকে নিয়ে ফিরে না আসায় রিনা বেগম তাঁকে (রাশেদ) ফোনে বিষয়টি জানান। এর পর তিনি মোবারকের মুঠোফোনে কয়েক দফা কল করার একপর্যায়ে মোবারক মেয়েকে ফিরে পাওয়ার জন্য তাঁর কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ওই রাতেই তিনি কেরানীগঞ্জ থানায় মোবারক ও রায়হানের বিরুদ্ধে মেয়েকে অপহরণের মামলা করেন।রাশেদ জানান, মোবারক তাঁকে ১৫ লাখ টাকা নিয়ে কাল মঙ্গলবার সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় খুলনা-মংলা সড়কের যুগিখালী সেতুর ওপর আসতে বলেন। তিনি মঙ্গলবার ভোরে বাগেরহাট পৌঁছে ফকিরহাট থানার পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) খুলনা কার্যালয়ে ঘটনা জানিয়ে সহযোগিতা চান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করে।উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) এস এম ফিরোজ আলম। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।