ঢাকা থেকে অপহূত শিশু মেহেরপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে অপহরণ করা জান্নাতুল ফেরদৌস (১১ মাস) নামের এক শিশুকে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শিশুটিকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রায়হান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জান্নাতুল ফেরদৌস ঢাকার মালিবাগের গুলবাগ এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
জাহাঙ্গীর আলম বলেন, তাঁর সঙ্গে বেশ কিছুদিন আগে রায়হান আলী নামের এক ব্যক্তির পরিচয় হয়। পরে ব্যবসায়িক কাজে তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা নেন জাহাঙ্গীর। পরবর্তী সময়ে ব্যবসা মন্দা হওয়ায় ওই টাকা পরিশোধ করতে পারছিলেন না তিনি।
জাহাঙ্গীর অভিযোগ করেন, ওই টাকা দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে ১ জানুয়ারি তাঁর স্ত্রী ও ছেলে জাফরকে (১০) বেঁধে জান্নাতুল ফেরদৌসকে বাড়ি থেকে তুলে নিয়ে যান রায়হান। পরে রায়হান সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরের দিন ঢাকার শাহজাহানপুর থানায় রায়হানকে আসামি করে অপহরণ মামলা করা হয়। রায়হানের বাড়ি মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে। পরে মামলার এজাহার নিয়ে মেহেরপুরের পুলিশ সুপারের (এসপি) কাছে যাওয়া হয়। পাশাপাশি মুক্তিপণের সাত লাখ টাকা পরিশোধ করে শিশুকে উদ্ধারের জন্য অপহরণকারীর সঙ্গে যোগাযোগ করা হয়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার রাতে মেহেরপুর গোয়েন্দা পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং রায়হানকে গ্রেপ্তার করে।
মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, রায়হানকে ঢাকার শাহজাহানপুর পুলিশের কাছে সোপর্দ করা হবে।