ঢাকা থেকে উত্তরের পথে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙাচোরা রাস্তা ও যানবাহনের বাড়তি চাপের কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
ভাঙাচোরা রাস্তা ও যানবাহনের বাড়তি চাপের কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

*ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কম

*পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গরুবাহী ট্রাকের কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের চাপ বেশি

* ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরে যানজট

ঢাকা থেকে উত্তরের পথে মহাসড়কে যানজটে ভোগান্তি দূর হচ্ছে না। গতকাল রোববার সকাল থেকেই মহাসড়কের গাজীপুর অংশের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে কোনাবাড়ী থেকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা পর্যন্ত দিনভর প্রায় ২০ কিলোমিটার জট ঠেলে যানবাহন চলেছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ছিল কম। সকালে মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় যানজট দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথের শিমুলিয়া প্রান্তে গতকাল সকালে প্রায় ৪০০ যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। তবে দুপুরের দিকে যানবাহনের চাপ কমে যায়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গরুবাহী ট্রাকের কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের চাপ বেড়ে গেছে। গতকাল এই নৌপথে দুটি ফেরি যুক্ত হয়েছে। বর্তমানে সেখানে ১৬টি ফেরি চলাচল করছে। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে এই দুই নৌপথে ফেরি পারাপারে সময় লাগছে বেশি। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে।

সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা, বাইপাসসহ বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়, যা দিনভর অব্যাহত থাকে। কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকা পর্যন্ত ২০ কিলোমিটার এবং কালিয়াকৈর-নবীনগর সড়কের উপজেলার চন্দ্রা থেকে কবিরপুর এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটারে সারা দিন যানবাহন ধীরগতিতে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর উপজেলার কয়েকটি স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

নাওজোর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে গাড়ি চলছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে (টাঙ্গাইল প্রান্ত) ওজন স্টেশনে ট্রাকের দীর্ঘ সারি ছিল। ট্রাকের লাইন পড়ে প্রায় পাঁচ কিলোমিটার। ফলে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল নয়টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান বলেন, গতকাল সারা দিন যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী বাসের চালক মোহাম্মদ আলী বলেন, গাবতলী থেকে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত আসতে চার ঘণ্টা লেগেছে। স্বাভাবিক সময়ে লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। ঢাকা থেকে আসা বাসযাত্রী শামীম হাসান বলেন, যানজটে তেমন পড়তে হয়নি। তবে অন্য সময়ের চেয়ে ধীরগতিতে গাড়ি চলেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় ভোর পাঁচটা থেকে যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের সার্জেন্ট আলমগীর হোসেন বলেন, রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে কিছু ভারী যানবাহন সড়কের বিভিন্ন স্থানে আটকা ছিল। সকালে বৃষ্টি শেষ হওয়ার পর ভারী যানবাহনগুলো মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় এসে জট সৃষ্টি করে। ঈদ সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে হাইওয়ে পুলিশের উদ্যোগে বিকেল সাড়ে চারটায় সচেতনতামূলক সভা হয়েছে।

এদিকে সকালে মেঘনা সেতুর পূর্ব পাড় থেকে গজারিয়ার ভাটেরচর এলাকা পর্যন্ত ঢাকামুখী সড়কে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটার দিকে তা স্বাভাবিক হয়ে যায়।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন গাজীপুর, টাঙ্গাইল, মির্জাপুর (টাঙ্গাইল), দাউদকান্দি (কুমিল্লা), মানিকগঞ্জ ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি এবং মুন্সিগঞ্জ সংবাদদাতা]