ঢাকা থেকে কিছু নৌযান ছাড়লেও অন্যত্র অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযানশ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল শুক্রবার পঞ্চম দিনে গড়িয়েছে। এদিন ঢাকা নদীবন্দর থেকে দক্ষিণাঞ্চলের কয়েকটি গন্তব্যে কিছু নৌযান চলাচল করেছে। তবে বরিশালে সব ধরনের মালবাহী কার্গো, তেল ট্যাংকার ও অভ্যন্তরীণ রুটের সব নৌযান বন্ধ ছিল। অচলাবস্থা অব্যাহত আছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরেও।
১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনসহ ছয়টি সংগঠন গত রোববার রাত ১২টা থেকে ধর্মঘট শুরু করে। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে প্রতিনিধি এবং বরিশাল অফিস জানিয়েছে বিস্তারিত:
কেরানীগঞ্জ: ঢাকা নদীবন্দর সূত্র জানিয়েছে, গতকাল ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে দক্ষিণাঞ্চলের লঞ্চ আসে ৩৭টি। আর বন্দর ছেড়ে যায় নয়টি। বন্দরের নৌযান পরিদর্শক মাহবুব হোসেন বলেন, গ্রিনলাইন সকাল সাড়ে আটটায় বরিশাল এবং বাকি আটটি লঞ্চ চাঁদপুর, মুলাদীসহ কয়েকটি গন্তব্যে ছেড়ে যায়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘১৫ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। এসব দাবির মধ্যে মূল দাবি হচ্ছে চারটি। নৌযানশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, নৌ দুর্ঘটনায় মৃত ব্যক্তির ক্ষতিপূরণ দাবি, নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ করা ও নদীর নাব্যতা সৃষ্টি করা। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
ধর্মঘট প্রত্যাখ্যান করে চালু রাখা প্রিন্স অব আওলাদ লঞ্চের মালিক প্রিন্স আওলাদ হোসেন বলেন, ‘আমরা নৌযানশ্রমিকদের চাহিদা অনুযায়ী ন্যায্য বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দিচ্ছি। তাই আমাদের লঞ্চের শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাখ্যান করে কাজ করছেন।’
বরিশাল: ঢাকা-বরিশাল নৌপথে কিছু বিলাসবহুল লঞ্চ চলাচল করেছে। তবে বন্ধ আছে সব ধরনের মালবাহী কার্গো, তেল ট্যাংকার ও অভ্যন্তরীণ রুটের নৌযান। গতকাল সারা দিন বরিশাল নৌবন্দরে নৌযান শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার একিন আলী বলেন, ‘মালিকপক্ষ আমাদের দাবি পূরণে কোনো উদ্যোগ নিচ্ছে না। উল্টো তাদের নিজস্ব কিছু শ্রমিক দিয়ে লঞ্চ চালানোর চেষ্টা করছে। আমরা এর নিন্দা জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অচলাবস্থা চলছে। শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্দরে আটকেপড়া পণ্যের পরিমাণ ১৫ লাখ টন ছাড়িয়ে গেছে।
বন্দর সূত্র জানায়, প্রতিদিন তিন থেকে চারটি জাহাজ আমদানি পণ্য নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়ছে। কর্মবিরতি শুরুর পর গত চার দিনে নতুন করে ১৫টি জাহাজ ভিড়লেও পণ্য খালাস শুরু করতে পারেনি। বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, আমদানি পণ্যবাহী ৫০টি জাহাজ আটকা পড়েছে।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানিয়েছে, গত চার দিনে সারা দেশে কোনো লাইটার জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। ফলে সারা দেশের ৩৬টি ঘাট এলাকায় আটকে থাকা ৬১১টি জাহাজে সোয়া ৭ লাখ টন পণ্য আটকে আছে।