ঢাকা থেকে খুলনা ১৩-১৪ ঘণ্টা!
ঢাকা-খুলনা পথের ট্রেনগুলো প্রায় প্রতিদিনই চার-পাঁচ ঘণ্টা করে দেরিতে ছাড়ছে। কোনো কোনো দিন সকাল আটটার ট্রেন দুপুর ১২টায়, রাত আটটার ট্রেন রাত একটায়ও ছাড়ছে। ক্রসিংয়ে অতিরিক্ত বিলম্ব, ধীর গতিসহ নানা কারণে ঢাকা-খুলনা রুটের ৪১৩ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ১৩-১৪ ঘণ্টারও বেশি।এ ছাড়া খুলনা স্টেশনের প্ল্যাটফর্ম নিচু ও জরাজীর্ণ। খাড়া সিঁড়ি বেয়ে ট্রেনে যাত্রীদের ওঠানামায় কষ্ট হচ্ছে। অপেক্ষমাণ যাত্রীদের বসার কক্ষ ছোট, শৌচাগার অপরিচ্ছন্ন, ট্রেনে আসনস্বল্পতা—এসব কারণে দক্ষিণাঞ্চলের রেলযাত্রীদের ভোগান্তির শেষ নেই।সরেজমিনে গত শনিবার দুপুর ও সন্ধ্যায় খুলনা রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, প্ল্যাটফর্মে বসার ব্যবস্থা বলতে রয়েছে পুরোনো কিছু কংক্রিটের বেঞ্চ, যা স্টেশনের শ্রমিক আর ভিক্ষুকদের দখলে। ৫০ থেকে ৬০ বছরের পুরোনো এই স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের বসার কক্ষগুলো খুবই ছোট। এসব কক্ষে কয়েকটি কাঠের বেঞ্চ ও কয়েকটি প্লাস্টিকের চেয়ার রয়েছে। যাত্রীদের জন্য মাত্র দুটি শৌচাগার; তা-ও অপরিচ্ছন্ন। এ কারণে প্রতিনিয়ত যাত্রীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। রেলওয়ের খুলনা স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা পথে সুন্দরবন ও চিত্রা নামের দুটি আন্তনগর ট্রেন চলাচল করছে। সড়কপথে চলাচলে ফেরিঘাটে দুর্ভোগ ও বিড়ম্বনার কারণে ঢাকা-খুলনা পথের ট্রেনে যাত্রীসংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পথে প্রতিদিন গড়ে দুই হাজার যাত্রী যাতায়াত করে। তবে চাহিদা অনুযায়ী টিকিট পাচ্ছে না যাত্রীরা।খুলনা-ঢাকা পথের যাত্রী রফিকুল ইসলাম বলেন, এ পথের ট্রেন প্রায়ই দেরি করে ছাড়ে। আসনসংকটের কারণে তিন-চার দিন আগে এসেও টিকিট মেলে না। তিনি এই পথের ট্রেনে আসন বাড়ানোর দাবি জানান।ট্রেন বিলম্বে আসা-যাওয়ার ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, দর্শনা থেকে খুলনা পর্যন্ত দুটি লাইন না থাকায় ক্রসিংয়ের কারণে এ পথের সব ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে যাতায়াত করছে। খুলনার স্টেশন মাস্টার গোলাম মোস্তফা যাত্রীদের নানা অভিযোগের প্রসঙ্গে বলেন, ঢাকা-খুলনা পথে প্রতিনিয়ত যাত্রী বাড়ছে। রেলের লোকবলসংকটে সঠিকভাবে যাত্রীসেবা দিতে বেগ পেতে হচ্ছে। লাইনগুলো সংস্কার না করায় যাতায়াতে সময় বেশি লাগছে। দর্শনা থেকে খুলনা পর্যন্ত দুটি লাইন হলে গন্তব্যে পৌঁছাতে সময় আরও কম লাগবে।