ঢাকা থেকে গ্রেপ্তার করা ব্যবসায়ী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’-এ অর্থায়নের অভিযোগে আ স ম মঞ্জুর এলাহী নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সকালে ঢাকার উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭। ওই দিন বিকেলে তাঁকে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, হাটহাজারী ও বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আ স ম মঞ্জুর এলাহীকে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের একটি জঙ্গি সংগঠনকে অর্থায়নের জন্য ইসলামী ব্যাংক চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোড শাখার মঞ্জুর এলাহীর হিসাব নম্বর থেকে ৪ লাখ ২০ হাজার টাকা এবং নগদ ৮০ হাজার টাকা দেন। যা র্যাবের তদন্তে উঠে এসেছে। এ জন্য হাটহাজারী ও বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। অভিযোগপত্র দেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তিনি পোশাক কারখানার উপকরণের ব্যবসা করেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।
২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীতে অভিযান চালিয়ে জঙ্গি-সম্পৃক্ততার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন র্যাব-৭-এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এর দুদিন পর বাঁশখালীর লটমণি পাহাড়ে ‘জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র’ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায়ও বাঁশখালী থানায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করে র্যাব। এর প্রায় দেড় মাস পর ১৩ এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, হাটহাজারী থেকে গ্রেপ্তার করা ও লটমণি পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া জঙ্গিরা চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ সদস্য।
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা দুটি তদন্ত শেষে র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন গত ২১ মার্চ বাঁশখালী থানার মামলায় মঞ্জুর এলাহীসহ ২৮ জনের বিরুদ্ধে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এবং গত ৩ এপ্রিল হাটহাজারী থানায় করা মামলায় মঞ্জুর এলাহীসহ ৩৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আগামী ১৭ নভেম্বর মামলা দুটির অভিযোগপত্র গ্রহণের শুনানির জন্য দিন ধার্য রয়েছে।