ঢাকা থেকে চট্টগ্রামে এসে র্যাব ও পুলিশের পরিচয়ে হুন্ডির টাকা ছিনতাই করতেন তাঁরা। গত বৃহস্পতিবারও তাঁরা চট্টগ্রামে এসেছিলেন হুন্ডির টাকা ছিনতাই করতে। নগরের অলংকার মোড় থেকে বৃহস্পতিবার রাতে এই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো হেমায়েত হোসেন (৪৪), আকমল ইসলাম ওরফে রিপন (৩৪), মো. মোস্তফা (২৮), মোহাম্মদ আলী (৩০), ফয়সাল আহম্মদ (৪০), মো. আলম (২৮) ও মো. ইউসুফ (২৮)। ফরিদপুর, বরিশাল ও ঢাকায় তাঁদের বাড়ি হলেও মূলত সবাই ঢাকায় থাকেন। ছিনতাই চক্রের প্রধান হেমায়েতসহ পাঁচজন ঢাকা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত আসামি।নগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) মো. হাছান চৌধুরীর নেতৃত্বে র্যাব-পুলিশ পরিচয়াধারী ছিনতাইকারীদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়। তবে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ওয়্যারলেস ও হ্যান্ডকাপ উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় কিছু সদস্যের কাছে এসব রয়েছে। তাঁরা ২০ দিন আগে ঢাকার কমলাপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একটি ছিনতাই করেন।চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, তাঁরা ঝটিকা সফরে চট্টগ্রামে এসে হুন্ডির টাকা ছিনতাই করেন। আগে একবার এসে তাঁরা দেখে যান। পরে দিনক্ষণ নির্ধারণ করে ছিনতাই করেন। তাঁদের বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেন যে তাদের অন্য সহযোগীদের কাছে ওয়্যারলেস ও হ্যান্ডকাপ আছে। তাঁদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।