ঢাকা থেকে চুরি হওয়া গাড়ি শ্রীমঙ্গলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর এলাকায় গতকাল শনিবার অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচটি চোরাই গাড়ি উদ্ধার করেছে। জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীমঙ্গল থানায় আসে। শ্রীমঙ্গল থানার পুলিশের সহায়তায় দলটি শ্রীমঙ্গল পৌরসভার পূর্বাশা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে রূপক দেবরায় ওরফে রুপুকে (৩৫) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রূপকের দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে চারটা পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি মাইক্রোবাস এবং দুটি ট্যাক্সিক্যাব উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের ভাষ্যমতে, এই গাড়িগুলো ঢাকা থেকে বিভিন্ন সময়ে চুরি করা হয়েছে। তবে শ্রীমঙ্গল থানাহাজতে রূপক বলেন, তিনি গাড়ি বেচাকেনার ব্যবসা করেন। কিন্তু চোরাই গাড়ি বেচাকেনার সঙ্গে তিনি জড়িত নন। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘অভিযান এখনো চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাবে না।’