ঢাকা থেকে ছিনতাই হওয়া ট্রাক মুন্সিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২
ঢাকার আগারগাঁও তালতলা থেকে রডবোঝাই করা একটি ট্রাক গত বুধবার রাতে ছিনতাই করা হয়। ট্রাকটি গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ। ছিনতাইয়ে জড়িত সন্দেহে ও রড কেনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড জিপিএস ইস্পাত কারখানা থেকে ১৩ টন রড নিয়ে ট্রাকটি রাজধানীর তালতলা এলাকায় আসছিল। ট্রাকটি বুধবার রাত সাড়ে ১১টার দিকে তালতলায় পৌঁছালে দুটি মাইক্রোবাস এসে এর গতিরোধ করে। একপর্যায়ে সাত-আটজন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকচালক শাহ আলম (৫০) ও তাঁর সহকারী সেলিমের (২৭) চোখ-হাত-পা বেঁধে মাইক্রোবাসে তুলে ট্রাক নিয়ে পালিয়ে যায়।পরে চালক ও তাঁর সহকারীকে সাভারের জোড়া সেতুর কাছে নামিয়ে দেয় ছিনতাইকারীরা। চালক ও সহকারী বিষয়টি পুলিশকে জানিয়ে সহায়তা চান। ট্রাকটিতে মুঠোফোন কোম্পানির জিপিএস স্টিকার লাগানো ছিল। এর সাহায্যে ট্রাকটির অবস্থান শনাক্ত করে র্যাব ও পুলিশ অভিযান চালায়। র্যাব-১১-এর কমান্ডিং কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে সাইফুল (২৮) নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করি। একই সঙ্গে রড কেনার অভিযোগে নির্মাণাধীন শেখ প্লাজার মালিক শেখ রতনকেও গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। এই চক্রের সদস্যরা ছিনতাই শেষে ট্রাকের মালামাল ও যন্ত্রাংশ খুলে বিক্রি করে।’