ঢাকা থেকে তেঁতুলিয়া পর্যন্ত নারী জাগরণ যাত্রা করবে সিপিবি
১৯৯৭ সালে সরকার ঘোষিত নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নসহ নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবি। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উপলক্ষে দলটি এসব দাবি জানায়। আগামী বুধ থেকে শুক্রবার ঢাকা থেকে তেঁতুলিয়া পর্যন্ত ‘নারী জাগরণ যাত্রা’ ও ৮ মার্চ ঢাকায় শোভাযাত্রার কর্মসূচিও দিয়েছে দলটি। গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব দাবি ও কর্মসূচির কথা জানানো হয়। ’৯৭ সালের নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন ছাড়া অন্য দাবিগুলো হলো: কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করা, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ বিষয়ে আন্তর্জাতিক সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন, এই সনদের ২ ও ১৬/১ (গ) ধারার ওপর সংরক্ষণ প্রত্যাহার করা, ‘ইউনিফর্ম ফ্যামিলি কোড’ চালু, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন করা, হিন্দু বিবাহ আইন সংস্কার ও নিবন্ধন চালু এবং গৃহস্থালির কাজে নারীর শ্রমের মর্যাদাকে সামাজিক স্বীকৃতি দেওয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সিপিবির আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষ পালন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক লুনা নূর। তিনি জানান, ৩ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় মুক্তাঙ্গন থেকে ‘নারী জাগরণ যাত্রা’ যাত্রা শুরু করবে। তেঁতুলিয়া যাওয়ার পথে বিভিন্ন জেলায় পথসভা, হাটসভা, জনসভা ও নারীমুক্তির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাবে এই উদ্যোগ। এ সময় সাংস্কৃতিক স্কোয়াড সেই কর্মসূচিতে গণসংগীত পরিবেশন করবে।