ঢাকা থেকে দিল্লি নেওয়ার কারণ বললেন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ ভিসা দেওয়ার সিদ্ধান্ত প্রক্রিয়া ঢাকা থেকে ভারতের দিল্লিতে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে খরচ বাঁচানোকে কারণ হিসেবে তুলে ধরা হলেও এর নেপথ্যের কারণ ভিন্ন। যুক্তরাজ্যের অভিবাসনবিষয়ক প্রতিমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার বলেছেন, প্রকৃতপক্ষে সহিষ্ণুতা বাড়ানো, নিরাপত্তা জোরদার করা এবং ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মানোন্নয়ন—এ সমস্ত বিষয় স্থানান্তরের ক্ষেত্রে বেশি বিবেচিত হয়েছে। যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে দিল্লিকে আঞ্চলিক কেন্দ্র (হাব) হিসেবে গড়ে তোলাও এ সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন নিয়ে যুক্তরাজ্যের এক পার্লামেন্ট সদস্যের করা প্রশ্নের জবাবে জেমস ব্রোকেনশায়ার গত মঙ্গলবার এসব কথা বলেন।
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির এমপি স্টিফেন টিমস এক লিখিত প্রশ্নে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চান, বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া নয়াদিল্লিতে সরিয়ে নেওয়ার ফলে কী পরিমাণ আর্থিক সাশ্রয় হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন?
লিখিত জবাবে জেমস ব্রোকেনশায়ার ওই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশিদের ভিসা প্রদানের প্রক্রিয়া ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। কার্য সম্পাদন-সংক্রান্ত কারণে এবং পুরোনো কেন্দ্রকে (দিল্লি) একটি স্বতন্ত্র আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই পরিবর্তন করা হয়। তিনি বলেন, স্বতন্ত্র আঞ্চলিক কেন্দ্র তৈরির ফলে [ভুয়া আবেদন] প্রতিরোধ, নিরাপত্তার উন্নয়ন এবং সিদ্ধান্তের মানোন্নয়ন সম্ভব হয়।
জেমস ব্রোকেনশায়ার দাবি করেন, ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র আছেই। তাই সিদ্ধান্ত প্রক্রিয়া অন্যত্র নেওয়ার ফলে গ্রাহকদের ভোগান্তি বাড়েনি। বৈশ্বিক গ্রাহকসেবার মান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হচ্ছে। সবশেষে তিনি বলেন, ‘ভিসার সিদ্ধান্ত প্রক্রিয়া হস্তান্তরের ফলে বছরে প্রায় ৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলেও আমরা অনুমান করছি।’
যুক্তরাজ্যের ভিসা অফিস দিল্লিতে সরিয়ে নেওয়ার জন্য খরচ কমানোকেই বারবার কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। ২০১৪ সালে ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে বলেছিলেন, সরকারের ব্যয় কর্তনের অংশ হিসেবেই ভিসা অফিস দিল্লিতে স্থানান্তর করা হয়েছে।
যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া ঢাকায় ফিরিয়ে আনতে শুরু থেকেই প্রচার চালাচ্ছেন ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা এনাম আলী। তিনি প্রথম আলোকে বলেন, দিল্লিতে ভিসা অফিস স্থানান্তর করে যুক্তরাজ্য সরকার কত অর্থ সাশ্রয় করছে তাঁর সঠিক জবাব মন্ত্রী দেননি। এটা যদি অর্থের ব্যাপার হয়ে থাকে, তাহলে ভিসা ফি বাড়িয়ে সেটা পুষিয়ে নেওয়া যেতে পারে।