ঢাকা থেকে নিখোঁজ তিন শিশু পিরোজপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পল্লবী থেকে নিখোঁজ তিন শিশুকে দুই দিন পর গতকাল শুক্রবার বিকেলে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে।শিশু তিনটি হচ্ছে সুমাইয়া (১১), তার ভাই আপন (৫) ও প্রতিবেশী কারিশমা (৯)।গত বুধবার ঢাকার পল্লবীর ডি-ব্লকের বাসা থেকে সুমাইয়া, তার ভাই আপন ও পাশের বাড়ির কারিশমা নিখোঁজ হয়। রাতে এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরের দিন সুমাইয়া ও আপনের মা সাদিয়া আক্তার পল্লবী থানায় অপহরণের মামলা করেন।ঢাকার পল্লবী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সিরাজ আমিন প্রথম আলোকে বলেন, অপহরণ মামলা হওয়ার পর এ শিশুদের সম্পর্কে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়। গতকাল এ বিষয়ে একাধিক টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকায় খবর প্রচার করা হয়। গতকাল বিকেলে পিরোজপুর থানার পুলিশ পল্লবী থানায় ফোন করে তিনটি শিশু পাওয়ার কথা জানায়। তাদের আনতে পল্লবী থানার একদল পুলিশ পিরোজপুরে গেছে।পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সিরাজ আরও জানান, উদ্ধার হওয়া শিশুরা বলেছে, তারা ঢাকা থেকে পালিয়ে লঞ্চে পিরোজপুরে এসেছে। তাদের অপহরণ করা হয়নি। ওই শিশুরা পিরোজপুরের পুলিশকে বলেছে, অভিভাবকদের সঙ্গে রাগ করে তারা পালায়। শিশু কারিশমা পিরোজপুরের পুলিশকে বলেছে, সে তার দাদির সঙ্গে থাকে। দাদি তার প্রবাসী বাবা-মা ফোন করলে কথা বলতে দেন না—এ রাগে সে পালায়। কারিশমা জানায়, পাশের বাড়ির বাসচালক শরিফের সঙ্গে তারা বাসা থেকে সদরঘাট যায়। শরিফ তাদের রেখে একসময় চলে যায়।সুমাইয়া বলেছে, লঞ্চে চড়ে গতকাল সকালে তারা হুলারহাট বন্দরে পৌঁছায়। সেখান থেকে রিকশায় পিরোজপুর শহরে আসে এবং ব্যাগ, জুতাসহ বিভিন্ন জিনিস কেনে। তাদের থানায় নিয়ে যাওয়া রিকশাচালক কালাম গাজী পুলিশকে বলেছেন, সন্দেহ হলে তিনি ওই শিশুদের নাম-পরিচয় জানতে চান। তা জানার পর তাঁর সন্দেহ বেড়ে যায়।পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সিরাজ আমিন বলেন, নিখোঁজ সুমাইয়ার মায়ের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন আটক দুই নারী হালিমা ও রুমার ব্যাপারে শিশুরা ঢাকায় আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।