ঢাকা থেকে নিখোঁজ যুবদল নেতার লাশ মিলল লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুরে আরও একজন রাজনীতিক প্রাণ হারালেন। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সোলায়মানের (৪২) গুলিবিদ্ধ লাশ গতকাল শনিবার সকালে সদর উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
এ নিয়ে লক্ষ্মীপুরে ২০১৩ সালের ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত মোট ১৮ জন রাজনৈতিক নেতা-কর্মী প্রাণ হারালেন। এঁদের মধ্যে নয়জনের পরিবারের অভিযোগ, তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের পরিচয়ে সরকারদলীয় কর্মীদের হাতে নিহত হয়েছেন। বাকি নয়জন নিহত হয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষের হাতে। নিহত ব্যক্তিদের মধ্যে বিএনপির ১১ জন, আওয়ামী লীগের পাঁচজন ও জামায়াতে ইসলামীর দুজন রয়েছেন। এ ছাড়া এই সময়ে আরও ছয়জন গুম হয়েছেন। তাঁরা সবাই বিএনপির নেতা-কর্মী।
সামছুল ইসলামের স্ত্রী সালমা ইসলামের অভিযোগ, র্যাব তাঁর স্বামীকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরার জয়নাল মার্কেট এলাকা থেকে তাঁর স্বামীকে অস্ত্রের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে তাঁর স্বামীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল ভোরে তিনি জানতে পারেন, লক্ষ্মীপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামে তাঁর স্বামীর গুলিবিদ্ধ লাশ পড়ে আছে।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের স্লুইসগেটের পাশে দু-তিনটি গুলির শব্দ শোনা যায়। কিন্তু ভয়ে কেউ রাতে বের হননি। পরে ভোরে লোকজন সামছুল ইসলামের লাশ দেখতে পেয়ে দাসেরহাট পুলিশ ফাঁড়িতে খবর দেন।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, সামছুল ইসলামের বিরুদ্ধে লক্ষ্মীপুর, বেগমগঞ্জ ও সুধারাম থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর উপজেলার রামপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে সামছুল ইসলাম। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গতকাল বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় শত শত মানুষ তাঁদের বাড়িতে ভিড় জমান।
এদিকে নিহত সামছুল ইসলামের পরিবারের অভিযোগের ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ধরনের কাউকে র্যাব আটক করেনি বা কাউকে চেনেও না। এ ঘটনার সঙ্গে র্যাবের কোনো সংশ্লিষ্টতা নেই।