ঢাকা থেকে নিখোঁজ সাবেক বিচারকের ছেলে কালিয়াকৈরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা থেকে নিখোঁজ হওয়া সাবেক এক বিচারকের ছেলে জনলা নন্দী পলিনকে (১৬) গতকাল বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে।পলিনের মা সাবেক বিচারক ঝুমুর গাঙ্গুলী, বাবা বিবেক নন্দী ব্যবসায়ী। ঢাকার নিউ সার্কুলার রোডে তাদের বাসা। গত ৮ জুন থেকে পলিন নিখোঁজ ছিল।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া বাইপাস সড়কের পাশে তুরাগ সিএনজি স্টেশনের কাছে বুধবার ভোরে পলিন চোখ বাঁধা অবস্থায় পড়ে ছিল। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। পরে পুলিশ মুঠোফোনে তার মা-বাবাকে খবর দেয়। খবর পেয়ে বাবা বিবেক নন্দী ও মা ঝুমুর গাঙ্গুলী কালিয়াকৈর থানা যান। ১৪ দিন পর ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরে মা। পলিন চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেছে।পলিন জানায়, গত ৮ জুন তাকে বাসার নিচ থেকে জোর করে একটি গাড়িতে তুলে নেয় কয়েকজন লোক। এরপর বেশ কিছুদিন তাকে জঙ্গলের ভেতরে একটি ঘরে আটকে রাখে। গত রাতে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তোলা হয়। এরপর তিন-চার ঘণ্টা গাড়ি চালিয়ে ওই স্থানে ফেলে রেখে যায়।পলিন নিখোঁজ হওয়ার পর অপহরণের অভিযোগে ঢাকার রমনা থানায় মামলা করেছিল তার পরিবার। মামলার এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী মহব্বত আলীর গাড়ির চালক পলিনকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে পলিন নিখোঁজ হয়। মামলায় মহব্বত আলী, তাঁর স্ত্রী আয়েশা, গাড়িচালক এমদাদুল হক মিলন, কফিল উদ্দিন সিকদার ও নাভিদ সিকদারকে আসামি করা হয়। ঝুমুর গাঙ্গুলী বলেন, ‘প্রতিবেশী মহব্বত আলী ও তাঁর লোকজন বিভিন্ন সময়ে আমাদের নানাভাবে হয়রানি করে আসছে। তাঁরা মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরাই আমার ছেলেকে অপহরণ করেছিল।’কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, মামলাটি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। তাই পলিনকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।