ঢাকা থেকে নিয়ে শ্রীনগরে যুবককে গুলি করে হত্যা
ঢাকা থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ে গুলি করে হানিফ (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হন সোহেল (২৭) নামে আরেক যুবক। উপজেলার দক্ষিণ পাইকসার হেলিপ্যাডসংলগ্ন এলাকায় গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকার পোস্তগোলা থেকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন ঢাকা-মাওয়া মহাসড়ক হয়ে শ্রীনগরের দক্ষিণ পাইকসারে আসেন। এ দলের হানিফ ও সোহেলকে গুলি করে অপর চারজন মোটরসাইকেল করে পালিয়ে যান। কপালে গুলিবিদ্ধ হয়ে হানিফ ঘটনাস্থলেই মারা যান। মাথায় ও পেটে গুলিবিদ্ধ সোহেলকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সোহেল জানান, পোস্তগোলা এলাকার হাফেজ ও জানু তাঁদের গুলি করেছে। তাঁদের সোমবার (গতকাল) দুপুরে নিজ এলাকা মীর হাজীরবাগ থেকে তুলে আনা হয়। সোহেল আরও জানান, তিনি ও হানিফ যাত্রাবাড়ীর মুন্সীরটেক এলাকার রাজীব হত্যা মামলার সাক্ষী। রাজীব দেড় মাস আগে খুন হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রাত সাড়ে ১১টায় প্রথম আলোকে জানান, ছয়জন একসঙ্গে এখানে এসেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।