ঢাকা থেকে নৌ-চলাচল স্থগিত
ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার আশঙ্কায় ঢাকা নদীবন্দরে নৌযান চলাচল স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটার পর বন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। সদরঘাট টার্মিনালে যাত্রী ও নৌযানের নিরাপত্তার জন্য একটি অস্থায়ী মনিটরিং ক্যাম্প খোলা হয়েছে। সদরঘাট থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ না ছাড়ায় দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা গতকাল ফিরে গেছে। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান জানান, ঢাকা নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত থাকায় গতকাল দুপুর থেকে দেশের দক্ষিণাঞ্চলসহ ৩৭টি নৌপথে সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। কীর্তনখোলা-১ লঞ্চের কর্মচারী আবদুস সাত্তার জানান, ঘূর্ণিঝড়ের কারণে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ছাড়া হবে না।ভোলাগামী রমজান আলী (৪০) বলেন, ‘বিকেল চারটায় টার্মিনালে এসে শুনেছি আজ কোনো লঞ্চ ছাড়বে না তাই বাধ্য হয়ে টঙ্গী চলে যাচ্ছি।’রাজধানীর বাড্ডা এলাকার দিনমজুর রশিদ মিয়া বলেন, ‘পিরোজপুর যাব বেলা দুইটার দিকে টার্মিনালে এসে শুনি লঞ্চ ছাড়বে না।’ঢাকা নদীবন্দর নৌযান ও পরিবহন পরিদর্শক এ বি এম মাহমুদ জানান, গতকাল বুধবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী লঞ্চ এসেছে ৪৮টি। আর বন্দর ত্যাগ করেছে ১৫টি। গতকাল বিকেলের দিকে বেশির ভাগ যাত্রীবাহী লঞ্চ সদরঘাট টার্মিনাল এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।