ঢাকা থেকে ফুসলে চট্টগ্রামে এনে আটকে রাখা স্কুলছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার একটি বাসা থেকে গত বুধবার রাতে ঢাকার এক স্কুলছাত্রকে উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। কক্সবাজারে বেড়াতে নেওয়ার কথা বলে ফুসলে তাকে চট্টগ্রাম নিয়ে ওই বাসায় আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা আনতে অপহরণকারী চক্রের এক সদস্য আগ্রাবাদে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে গেলে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর তথ্য অনুযায়ী স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। র্যাব জানায়, উদ্ধার হওয়া স্কুলছাত্র ইমাম হোসেনের (১৩) বাড়ি ঢাকার বাসাবো এলাকায়। সে অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম গোলাম মোস্তফা। তাদের বাসাবোর বাড়ির একসময়ের ভাড়াটে মিরাজউদ্দিন কক্সবাজারে বেড়ানোর কথা বলে ইমামকে চট্টগ্রামে নেওয়ার ব্যবস্থা করেন। তাঁর কথামতো সে সোমবার চট্টগ্রামে গেলে মিরাজ ও তাঁর সহযোগীরা তাকে বায়েজিদ থানা এলাকার একটি বাড়িতে জিম্মি করে। তাঁরা মঙ্গলবার বিকেলে মোস্তফাকে ফোন করে ইমামের মুক্তিপণ হিসেবে ছয় লাখ টাকা দাবি করেন। মোস্তফা বিষয়টি র্যাবকে জানান। এদিকে দরকষাকষি শেষে বুধবার বিকেলে তিনি মুক্তিপণের কিস্তির ১৫ হাজার টাকা একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান। আগ্রাবাদে ওই কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে রাতে টাকা আনতে গিয়ে ওই চক্রের সদস্য আলমগীর (২২) র্যাব কর্মকর্তা মেজর শাহরিয়ার জাবেদ চৌধুরীর হাতে গ্রেপ্তার হন। পরে তাঁর তথ্য অনুযায়ী বায়েজিদ থানার মুক্তিযোদ্ধা কলোনি এলাকার একটি বাসা থেকে ইমামকে উদ্ধার করা হয়। র্যাব জানায়, র্যাবের অভিযানের পর থেকে এই চক্রের হোতা মিরাজউদ্দিন পলাতক। তাঁর বাড়ি ভোলায়। মাস ছয়েক আগে তিনি বাসাবো থেকে চট্টগ্রামে আসেন। এ ঘটনায় জড়িত মিরাজের কয়েকজন সহযোগীকেও খোঁজা হচ্ছে। উদ্ধার হওয়া ইমাম প্রথম আলোকে জানায়, ‘মিরাজ আমাকে জিম্মি করে টাকা চাইবেন, তা বুঝতে পারিনি। সরল বিশ্বাসে আমি চট্টগ্রামে আসি। তাঁরা আমাকে দুই রাত আটকে রাখেন। পরে র্যাব সদস্যরা আমাকে উদ্ধার করেন।’গ্রেপ্তার হওয়া আলমগীর বলেন, ‘মিরাজের কাছে কিছু লোক টাকা পাবে। এ জন্য ইমামকে কক্সবাজার বেড়ানোর প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে আনা হয়। এরপর জিম্মি করে মুক্তিপণ চায়।’