ঢাকা থেকে মদিনা ও কুয়েত পথে বিমানের ফ্লাইট শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান
প্রতীকী ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১০ অক্টোবর ঢাকা-মদিনা ও ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করবে। আগের দিন ৯ অক্টোবর ঢাকা-কাঠমান্ডু পথে ফ্লাইট পরিচালনা শুরু হবে। যাত্রীরা এখন থেকেই এসব গন্তব্যে টিকিট কিনতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে প্রতি রবি ও বুধবার ফ্লাইট বিজি-৪০৩৭ বেলা ২টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবি ও বুধবার ফ্লাইট বিজি-৪০৩৮ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

কুয়েতেও ঢাকা থেকে ফ্লাইট শুরু হচ্ছে উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর থেকে বিমানের ফ্লাইট বিজি-০৪৩ প্রতি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি-০৪৪ ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

এদিকে ৯ অক্টোবর থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট বিজি-০৭১ রাত ৯টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে। কাঠমান্ডু থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার ফ্লাইট বিজি-০৭২ স্থানীয় সময় ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে বলে জানিয়েছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (০১৭৭৭৭১৫৬৩০-৩১), টেলিফোন: +৮৮-০২-(৮৯০১৬০০-০৯, এক্সটেনশন ২১৩৫/২১৩৬) বা বিমান কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ তিন গন্তব্যের টিকিট কিনতে পারবেন।