ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ

উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে এ কথা জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।
জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে দক্ষিণাঞ্চলগামী ৩৭টি রুটসহ সারা দেশে যাত্রীবাহী সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত, কক্সবাজার উপকূলকে ৬ নম্বর এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম বন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার উপকূল থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।