ঢাকা থেকে সিলেটগামী বাস খাদে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রামপুরা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। আজ বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশে পানিপূর্ণ খাদে পড়ে যায়। এ ঘটনায় এখনো উদ্ধারকাজ চলছে।

সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইশরাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধারকারী লোকজন, পুলিশ ও আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, ঘটনার খবর জানার পর সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাশ উদ্ধার করে। এর আগে স্থানীয় লোকজন ১৩ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। এ ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা সরাইলের ইউএনও উম্মে ইশরাত প্রথম আলোকে বলেন, বাসটি পানি থেকে উদ্ধারের চেষ্টা চলছে।

আহত বাসযাত্রী সালেহা আক্তার (৩০) জানান, চালকের বেপরোয়া গতির কারণে একপর্যায়ে বাসটি পানিতে পড়ে যায়।