ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেসের যাত্রার সময় পরিবর্তন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার রেল ভবন থেকে এই সিদ্ধান্তের বিষয়টি রেলের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রার সূচি এক ঘণ্টা এগিয়ে আনতে নির্দেশনা এসেছে। সূচি তৈরির কাজে নিয়োজিত বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে আমরা নতুন সিদ্ধান্ত কার্যকর করব।’ তিনি বলেন, ‘সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা এক ঘণ্টা এগিয়ে আনতে হলে অন্য ট্রেনগুলোর সূচি পরিবর্তনও অনিবার্য। তাই নতুন সিদ্ধান্ত কার্যকর করতে হলে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।’রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল সাতটায় সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিকেলে আবার সেটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। গত ১ এপ্রিল থেকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা এক ঘণ্টা ১০ মিনিট পিছিয়ে বিকেল চারটা ৪০ মিনিটে করা হয়। এ কারণে ট্রেনটি মধ্যরাতে চট্টগ্রামে পৌঁছায়। ঢাকা থেকে দেরিতে যাত্রার কারণে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী একাধিক স্টেশন থেকে এই ট্রেনে মাদক পরিবহন করা হয় বলে অভিযোগ রয়েছে।