ঢাকা থেকে ১৬ ঘণ্টায় হাটিকুমরুল
এক দিন পরেই ঈদ। কিন্তু মহাসড়কগুলোর পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তাই এখনো ঘরমুখী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেয়ে উত্তরাঞ্চলগামী লোকজন গতকাল শনিবার বেশি দুর্ভোগে পড়েছে। এক যাত্রী জানান, রাজধানী থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুলে পৌঁছেছেন ১৬ ঘণ্টায়।
এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ী, কালিয়াকৈরসহ টাঙ্গাইলের ৪০ কিলোমিটার এলাকায় যানজট ছিল। একইভাবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও মেঘনা সেতু পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় গতকালও যানজট ছিল। এ ছাড়া পাটুরিয়া ঘাটে ফেরির অপেক্ষায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীবাহী বাসগুলোকে।
উত্তরাঞ্চলগামী মানুষের দুর্ভোগ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, সূত্রাপুরসহ টাঙ্গাইলের ৪০ কিলোমিটার এলাকায় গতকাল যানজটে পড়ে উত্তরবঙ্গের যাত্রীরা। কোনাবাড়ী মহাসড়ক পুলিশের পরিদর্শক হোসেন সরকার বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, বিশেষ করে গরুবাহী ট্রাক এবং মহাসড়কে চার লেনে উন্নীতকরণের কাজ চলায় বিভিন্ন পয়েন্টে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এ ছাড়া বেশ কয়েকটি জায়গায় মহাসড়কের ওপর গাড়ি বিকল হয়ে যাওয়ায় তা সরাতে দেরি হওয়ায় যানজট দীর্ঘ হচ্ছে।
টঙ্গী স্টেশন রোড থেকে গাজীপুরের ভোগড়া মোড় পর্যন্ত এলাকায় গতকাল সন্ধ্যার পর থেকে শত শত শ্রমিককে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাস না পেয়ে অনেকেই ট্রাকের ওপর উঠেছে। অনেক নারীকেও বাসের ছাদে দেখা গেছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও গতকাল বিকেলের পর থেকে যানজটের সৃষ্টি হয়। গাজীপুরের ভোগড়া এলাকায় গতকাল রাত আটটার দিকে কথা হয় সাইফুল ইসলাম নামে এক কারখানার শ্রমিকের সঙ্গে। তিনি বলেন, যানজটের কারণে টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়ায় আসতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা। অন্য সময়ে আসতে লাগে আধা ঘণ্টার কিছু বেশি। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, মহাসড়কের যানজট নিরসনের জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতা করছে কমিউনিটি পুলিশ ও রোভার স্কাউটের সদস্যরা।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় ঈদে ঘরমুখী মানুষ চরম দুর্ভোগে পড়ে। সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক মিরাজুল হুদা বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে ১০ গুণ বেশি যান চলাচল করায় এই জট লেগেছে। ঢাকা থেকে আসা শিবলী নোমান বলেন, হাটিকুমরুলে আসতে তাঁর ১৬ ঘণ্টা লেগেছে। বাসচালক মোস্তাফিজুর রহমান বলেন, নলকা সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত পাঁচ মিনিটের রাস্তায় সময় লেগেছে তিন ঘণ্টা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে গতকাল থেমে থেমে যানজটে পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বেলা পৌনে দুইটা থেকে তিনটা পর্যন্ত প্রায় সোয়া এক ঘণ্টা বজ্রসহ মুষলধারে বৃষ্টির কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কের দুল্যা এলাকায় একটি লরি বিকল হয়। এতে যানজটের পরিধি বাড়তে থাকে। কিছুক্ষণ পর লরিটি পুলিশ অন্য ট্রাক দিয়ে ঠেলে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু করে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, গতকাল সারা দিন যানবাহনের গতি কিছুটা কম ছিল। তবে যানবাহন থেমে থাকেনি।
মেঘনা সেতু পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর থেকে গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকা পর্যন্ত বিচ্ছিন্নভাবে প্রায় ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট ছিল। এ কারণে ঘরমুখী যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে।
গতকাল সকাল ১০টায় দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর কথা হয় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকাগামী রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চালক নাছির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, তিতাস উপজেলার কাওরিয়ারচর গ্রামের বৃদ্ধা আছিয়া বিবিকে (৬৫) নিয়ে ঢাকায় রওনা দিয়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। রোগীর সমস্যা হলেও বিকল্প সড়কের ব্যবস্থা ছিল না।
তবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত স্বাভাবিক ছিল।
ফেরির জন্য দীর্ঘ অপেক্ষা: গতকাল সারা দিন রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে ছিল শত শত গাড়ি। চারটি ঘাটের মধ্যে গতকাল দুপুরে ফের ৩ নম্বর ঘাট বন্ধ হয়ে যায়। এর আগে ১ ও ২ নম্বর ঘাট প্রায় দুই ঘণ্টা করে বন্ধ ছিল। এ ছাড়া চালু থাকলেও ৪ নম্বর ঘাট সড়ক ভেঙে যাওয়ায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এর মধ্যেই সকাল থেকে থেমে থেমে দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। বৃষ্টির মধ্যে ভিজেই অনেকে বাড়ির উদ্দেশে রওনা হয়।
মাগুরাগামী শাকিল আহম্মেদ বলেন, ঘাটে আটকে থাকার ভয়ে সকালে দূরপাল্লার পরিবহনের পরিবর্তে লোকাল বাসে করে গাবতলী থেকে পাটুরিয়ায় আসেন। কিন্তু নদী পাড়ি দিয়ে গাড়ি না পেয়ে হাঁটতে শুরু করেছেন।
যাত্রীবাহী গাড়ি ছাড়াও পশুবাহী প্রায় ২০০ ট্রাক আটকে ছিল।
লঞ্চযাত্রীদের উপচে পড়া ভিড়: গতকাল সকালে ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঢাকা নদীবন্দরে লঞ্চ এসেছে ৭৬টি আর ছেড়ে গেছে ৪৭টি। সকাল ছয়টার দিকে যাত্রীবাহী লঞ্চ ঈগল-৩ ও মর্নিং সান টার্মিনালে ভেড়ার সময় সজোরে ধাক্কা লেগে টার্মিনালের ৬ নম্বর পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। টার্মিনাল দিয়ে লঞ্চে ওঠার সময় নির্ধারিত পন্টুনে লঞ্চ না পেয়ে যাত্রীরা অন্য পন্টুন দিয়ে লঞ্চে ওঠে। এতে তাদের দুর্ভোগ পোহাতে হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন গাজীপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দাউদকান্দি (কুমিল্লা), মির্জাপুর (টাঙ্গাইল) ও কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি)