ঢাকা দক্ষিণ সিটির কানুনগোকে আবারও দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
দুদকের চিঠিতে তাঁকে আগামী ১০ আগস্ট সকালে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০১৩ সালে মোহাম্মদ আলীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদসহ তাঁর সম্পদ বিবরণী জমা নেওয়া হয়। উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেন। কিন্তু কমিশন প্রতিবেদনটি গ্রহণ না করে উপপরিচালক জুলফিকার আলীকে আবারও অনুসন্ধানের দায়িত্ব দেয়।
দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে ২০০৫ সালে তিনি ডিসিসির চাকরিতে যোগ দেন করেন মোহাম্মদ আলী। চাকরিতে দেওয়ার চার বছর পার না হতেই তিনি সিনিয়রদের ডিঙিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত অনেক দায়িত্ব পান। অল্প সময়েই প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক হন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ডিএসসিসির ভূ-সম্পত্তি শাখার কর্ণধার হিসেবে কর্মরত রয়েছেন।