ঢাকা দক্ষিণাঞ্চলীয় স্নাতক-পূর্ব গণিত অলিম্পিয়াড আজ
ঢাকা দক্ষিণাঞ্চলীয় স্নাতক-পূর্ব গণিত অলিম্পিয়াড আজ শুক্রবার বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আজ সকাল নয়টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডের উদ্বোধন করবেন বুয়েটের উপাচার্য খালেদা একরাম।
বাংলাদেশ গণিত সোসাইটির প্রেসিডেন্ট সাজেদা বানু, বুয়েটের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. আবু হাসান ভূঁইয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. কায়কোবাদ, জাতীয় স্নাতক-পূর্ব গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি রুবি গজনবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মূল প্রতিযোগিতা শুরু হবে সকাল ১০টায়। বেলা তিনটায় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের মিলনায়তনে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।