ঢাকা দক্ষিণে আব্বাস, সালাম ও পিন্টুর মনোনয়নপত্র দাখিল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী হিসেবে আজ রোববার বিএনপির তিন নেতার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে তাঁর আইনজীবী মো. শাহজাহান, দলের অর্থনীতি-বিষয়ক সম্পাদক আবদুস সালামের পক্ষে স্ত্রী ফাতেমা সালাম এবং দলটির সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে তাঁর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়নপত্র জমা দেন।
বিকেল পৌনে চারটার দিকে মির্জা আব্বাসের পক্ষে এবং বেলা সোয়া তিনটার দিকে আবদুস সালাম ও নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে মনোনয়নপত্র ঢাকা মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।
ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ার জন্য মির্জা আব্বাস, আবদুস সালাম ও নাসির উদ্দিন পিন্টুসহ বিএনপির ছয় জ্যেষ্ঠ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে আব্বাস, পিন্টু ও সালামের মনোনয়নপত্র জমা পড়ল।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।