ঢাকা দক্ষিণে বিলবোর্ড-ব্যানার অপসারণ শুরু
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সব রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সুরিটোলায় ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও তাঁর প্রয়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফের নাম-ছবি সংবলিত বিলবোর্ড অপসারণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
অপসারণ কার্যক্রমের শুরুতে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ডিএসসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের সময় বেঁধে দেওয়া হয়। এতে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী বাধা দিলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দলকে জানানো হবে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাঈদ খোকন বলেন, ডিএসসিসির পাঁচটি অঞ্চল থেকেই একযোগে এসব দৃষ্টিকটু বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তা অপসারণ করা সম্ভব হবে।