ঢাকা দক্ষিণের জন্য ৩২০০ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের ১ হাজার ৫২ কোটি টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত এ বাজেট গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় তিন গুণ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন।
আয় : ডিএসসিসির চলতি অর্থবছরের বাজেটে আয়ের খাতের মধ্যে আছে রাজস্ব থেকে ১ হাজার ৩৯১ কোটি ২৭ লাখ টাকা, নিজস্ব অন্যান্য খাত থেকে ১১ কোটি ১২ লাখ টাকা এবং সরকারি থোক ও বিশেষ অনুদান ২১৮ কোটি টাকা। এ ছাড়া সরকারি, বেসরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আসবে ১ হাজার ৪৮৫ কোটি ৩২ লাখ টাকা।
ব্যয় : সবচেয়ে বেশি ব্যয় বরাদ্দ করা হয়েছে সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নের জন্য; যার পরিমাণ ৯৪৩ কোটি ৬৬ লাখ টাকা। বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ৫৬০ কোটি ৬৯ লাখ টাকা, পরিবেশ উন্নয়নে ৭৮ কোটি ৪৫ লাখ টাকা রাখা হয়েছে। মশক নিয়ন্ত্রণে ১১ কোটি ৫০ লাখ টাকা। খেলার মাঠ, উদ্যান ও বিনোদনমূলক সুবিধাদি উন্নয়নে ১৫১ কোটি ৫০ লাখ, কবরস্থান, শ্মশানঘাট উন্নয়নে ১৪ কোটি ২৫ লাখ টাকা। সরঞ্জাম, যন্ত্রপাতি ও সম্পদ ক্রয় বাবদ ২০৯ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প : ডিএসসিসির সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট এবং সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপিভুক্ত প্রকল্পের মধ্যে চলতি অর্থবছরে ডিএসসিসির পাঁচটি অঞ্চলের সড়ক, ফুটপাত ও নর্দমা উন্নয়নে ৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ী মোড় থেকে ত্রিমুখী রাস্তা সম্প্রসারণে ৭০ কোটি, বাবুবাজার থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত উন্নয়নে ১২০ কোটি, ডিএসসিসির কমিউনিটি সেন্টারের উন্নয়ন ও নতুন কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য ২১ কোটি, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণসহ ভূমি উন্নয়নে ৫৬৯ কোটি ৮৯ লাখ এবং সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ২২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।