ঢাকা দক্ষিণের তিন হাজার কোটি টাকার বাজেট আজ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০১৬-১৭ অর্থবছরের ৩ হাজার ১৭৫ কোটি টাকার বাজেট আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এই বাজেট গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তবে এবারের বাজেট প্রকল্পনির্ভর বলে জানা গেছে।
আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করবেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি তাঁর দ্বিতীয় বাজেট। গত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ছিল ২ হাজার ৮৫ কোটি টাকা। তবে এ বাজেট কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডিএসসিসির বিভিন্ন বিভাগের কয়েকজন কর্মকর্তা। তাঁরা বলেছেন, ডিএসসিসির পক্ষে এই বাজেট বাস্তবায়ন করা অনেক কঠিন হবে।
ডিএসসিসির হিসাব বিভাগ সূত্র জানায়, এবারের প্রস্তাবিত বাজেটে নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৯০ কোটি টাকা। আর প্রকল্প থেকে ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪০০ ও সরকারি বিশেষ অনুদান ২০০ কোটি টাকা। এ ছাড়া হোল্ডিং ট্যাক্স বাবদ ৫০০ কোটি টাকা, বাজার সালামি বাবদ ৬৫০ কোটি, ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ কোটি, পশুর হাট ইজারা বাবদ সাড়ে ৫ কোটি, সম্পত্তি হস্তান্তর কর খাতে ৬৫ কোটি, শিশুপার্ক থেকে ৬ কোটি ও বিনোদন কর বাবদ ৪৫ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে হোল্ডিং ট্যাক্সের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় দ্বিগুণ। বাড়বে ট্রেড লাইসেন্স ফি।
ডিএসসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহম্মদ মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাজেটে লক্ষ্যমাত্রা বেশি থাকলে অর্জনও বেশি হবে। তাই এবারের বাজেট অনেকটা বাস্তবনির্ভর। এই বাজেটে ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার বাজেটও অনুমোদন দেওয়া হবে।’
ডিএসসিসির সূত্র জানায়, এবারের বাজেটে ডিএসসিসির রাজস্ব ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন-ভাতা, সড়ক ও ট্রাফিক অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, ভৌত অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাত, বিদ্যুৎ-জ্বালানি, পানি ও গ্যাস, মেরামত ও রক্ষণাবেক্ষণ, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।