ঢাকা দক্ষিণের দায়িত্ব নিয়েছেন প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন। উত্তর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া খোরশেদ আলম চৌধুরী সরকারি কাজে বিদেশে আছেন। আজ তাঁর দেশে ফেরার কথা। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মো. নজরুল ইসলাম এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সুলতান উল ইসলাম চৌধুরীকে গতকাল যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে এই দুজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক খলিলুর রহমান গতকাল সন্ধ্যায় নগর ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। গতকাল প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি পূরণে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করব। আমার প্রথম কাজই হবে সিটি করপোরেশনের বর্তমান অবস্থা জানা এবং সে অনুযায়ী কাজ শুরু করা।’ নগর ভবনে সাংবাদিকদের তিনি বলেন, সিটি করপোরেশন বিভক্তির ফলে মানুষ বেশি সেবা পাবে, এটা তাঁরা দেখাতে চান। তিনি রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। এর আগে বিকেলে খলিলুর রহমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানের আনুষ্ঠানিকতা সারেন। এরপর করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে নির্ধারিত বৈঠকে যোগ দেন। কর্মকর্তা-কর্মচারীদের কোনো সমস্যা হবে না: স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সমন্বয় পরিষদের নেতারা ঢাকার বাইরের সিটি করপোরেশনে বদলির ধারা বাতিল, আঞ্চলিক কার্যালয়গুলোকে শক্তিশালী করাসহ বিভিন্ন দাবি জানান। পরিষদের নেতারা আগে ঢাকা সিটি করপোরেশন বিভক্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করলেও এই বৈঠকে সরাসরি এ দাবি করেননি। পরিষদের আহ্বায়ক মেজবাহুল করিম লিখিতভাবে তাঁদের দাবি জানান। এর বাইরে কয়েকজন নেতা বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য দেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, প্রশাসনিক বিভক্তির ফলে কর্মকর্তা-কর্মচারীদের কোনো ক্ষতির আশঙ্কা নেই। তাঁদের কোনো সমস্যা হবে না। চাকরিও যাবে না। পরিষদের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘প্রতিমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, আমাদের দাবিদাওয়া নিয়ে ওপরের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। আমাদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাবেন। এ জন্য আমরা এ নিয়ে কোনো কর্মসূচি পালন করব না।’ স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ১০টি আঞ্চলিক কার্যালয়ে যিনি যেখানে কর্মরত আছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই দায়িত্ব পালন করবেন। তবে নগর ভবনের কিছু কর্মকর্তা-কর্মচারীকে উত্তর সিটিতে স্থানান্তর করতে হবে। সে জন্য কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের পছন্দ জানাতে পারবেন। আগের সিটি করপোরেশনের প্রধান কার্যালয় ‘নগর ভবন’ লেখার সঙ্গে গতকাল ‘নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ যুক্ত করা হয়েছে।