ঢাকা দক্ষিণের বর্জ্য অপসারণে থাকবেন ১২ হাজার কর্মী
কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে অপসারণ করতে পরিচ্ছন্নতাকর্মীদের শপথ পাঠ করিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ সোমবার দুপুরে নগর ভবনে পরিচ্ছন্নতাবিষয়ক এক মতবিনিময় সভায় ডিএসসিসির প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীকে এই শপথ পাঠ করানো হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই সভার আয়োজন করে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।
সাঈদ খোকন বলেন, এবার কোরবানিতে ডিএসসিসি এলাকায় প্রায় ২৫ হাজার টন বর্জ্য হবে। এই বর্জ্য অপসারণের জন্য ৩৫০টি ট্রাক ব্যবহার ও ১২ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। এসব কাজ সঠিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের পালন করতে হবে। এই ব্যবস্থাপনা কার্যক্রম তিনি ডিএসসিসির ফেসবুক পেজ ও অনলাইনের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন। তিনি বলেন, কোরবানির পশু জবাইয়ে শৃঙ্খলা আনতে এবার ডিএসসিসির ৬২৫টি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্থানে পৃথকভাবে একজন করে ইমাম বা কসাইয়ের ব্যবস্থা থাকবে। কেউ বাড়িতে জবাই দিলে পশুর রক্ত পানি দিয়ে পরিষ্কার করতে হবে। কোরবানির পশুর বর্জ্য অপসারণে ইতিমধ্যে ১ লাখ ৫০ হাজার ব্যাগ বাড়ি বাড়ি বিতরণ শুরু হয়েছে। এসব ব্যাগে বর্জ্য ভরে সিটি করপোরেশনের ট্রাকে বা ডাস্টবিনে ফেলতে হবে। সবাই সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যেই নগরী পরিষ্কার করা সম্ভব হবে।
মেয়র সাঈদ খোকন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমন পশু বাজারে আনা যাবে না। যদি কেউ এমন কাজ করে থাকেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিএসসিসি এলাকার হাটগুলো সার্বক্ষণিক পরিদর্শন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সভার একপর্যায়ে পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষ থেকে মাসিক বেতন-ভাতাসহ তাদের কিছু দাবি তুলে ধরেন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল লতিফ। এ সময় মেয়র বলেন, ‘আমরা ক্লিনারদের জন্য আধুনিক সব সুবিধাসম্পন্ন ১৩টি বহুতল ভবন নির্মাণ করছি। আপনারা সঠিকভাবে বর্জ্য অপসারণ করুন। ঈদের পর আপনাদের সব ন্যায্য দাবি পূরণ করতে চেষ্টা করব।’ এ সময়ই মেয়র তাঁদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিন আহমেদ, ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।