ঢাকা দক্ষিণের ৯৯ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিএনপি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করে বিএনপি। এ জন্য ‘ভোট ছিনতাই’ ঠেকাতে পাহারার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে দলটি।
গতকাল শুক্রবার সকালে শাহজাহানপুরে ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এসব কথা বলেন। হান্নান শাহ ঢাকা দক্ষিণে মির্জা আব্বাসের প্রচারণার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
হান্নান শাহ অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীদের পক্ষে মন্ত্রী-এমপিরা বিশেষ উদ্দেশ্য নিয়ে ‘নীলনকশা’র অংশ হিসেবে প্রহসনের নির্বাচন করতে চান। তিনি বলেন, ‘তাঁরা আমাদের কর্মীদের ওপর হামলা করছেন, পোস্টার ছিঁড়ে ফেলছেন। প্রশাসন নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, নির্বাচনী কাজে হস্তক্ষেপ করছে। নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কি আমরা ধরে নেব, সরকারের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশনও একটা প্রহসনের নির্বাচন করতে চায়?’
হান্নান শাহ বলেন, ‘আমরা প্রহসনের নির্বাচন করতে দেব না। ভোটাররা আমাদের সঙ্গে আছে। আমরা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেব। ভোট ছিনতাই করতে কেউ এলে আমরা তা প্রতিহত করব।’ তিনি বলেন, ‘আমরা শুনেছি, নির্বাচনের দিন আমাদের এজেন্টদের কাজ করতে দেবে না। গণনার পর সরকারি দলের প্রার্থীর মোট ভোটের জায়গা খালি রেখে দেওয়া হবে, যাতে পরে ইচ্ছামতো সংখ্যা বসানো যায়।’
বিএনপির এই নেতার অভিযোগ, মগ মার্কার পক্ষের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাঁরা কাজ না করেন।