ঢাকা-দিনাজপুর সড়কের গোবিন্দগঞ্জে গর্তে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের অনেক স্থানে কার্পেটিং উঠে গেছে। ওই সব স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। টুকরো পাথর মহাসড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে। এতে প্রায়ই রিকশা-ভ্যান, অটোরিকশা, টেম্পো ও ভটভটি উল্টে যাচ্ছে।
গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষের গাফিলতি ও নিম্নমানের সামগ্রী দিয়ে মহাসড়ক পাকাকরণের কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের চারমাথা থেকে পশ্চিমে বাঁধন ফিলিং স্টেশন পর্যন্ত মহাসড়কের প্রায় আধা কিলোমিটার অংশের করুণ দশা। এর মধ্যে থানার মোড়, মধুবন হোটেল, বিদ্যুৎ কার্যালয়, বালিকা বিদ্যালয় মোড় ও বাঁধন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের অবস্থা খুব করুণ। এসব স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই এসব গর্তে যানবাহন আটকে বিকল হচ্ছে। একটু বৃষ্টি হলেই মহাসড়কের গর্তে হাঁটুপানি জমে যায়। তখন অটোরিকশা চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়। অনেক স্থানে গর্তে অটোরিকশা ডুবে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
ঢাকা থেকে দিনাজপুরগামী একটি মালবোঝাই ট্রাকের চালক আবুল কাশেম জানান, দুর্ঘটনা এড়াতে ধীরে ধীরে গর্ত পারাপার হতে হয়। তখনই সৃষ্টি হয় যানজটের। রিকশাচালক জলিল মিয়া জানান, রিকশা চালিয়ে যে আয় হয়, তার অর্ধেক রিকশা সারাতে খরচ হয়।
উপজেলার কাটা গ্রামের কলেজশিক্ষক রায়হানুল কবির বলেন, ‘এ দুর্ভোগের প্রতিবাদ জানানোর ভাষা আমার জানা নেই। প্রতিদিন ঝুঁকি নিয়ে যাত্রীদের এ সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।’
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা জানান, এ মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে যানবাহন দিনাজপুরে যাতায়াত করে। এ ছাড়া এই মহাসড়ক ধরেই ভারতের সীমান্ত হিলিতে অনেক যানবাহন যাতায়াত করে থাকে। প্রতিবছর মহাসড়ক সংস্কারের নামে লাখ লাখ টাকা বরাদ্দ হয়। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে যেনতেন কাজ করে সওজ কর্তৃপক্ষ টাকা লুটপাট করছে। আর সংস্কারের পর অল্প দিনের মধ্যেই মহাসড়কের কার্পেটিং উঠে যাচ্ছে।
কর্তৃপক্ষের গাফিলতি ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান জানান, মহাসড়কটিতে যানবাহনের চাপ বেশি। তাই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর পরও নিজস্ব ব্যবস্থাপনায় ওই মহাসড়কটি সংস্কার করা হচ্ছে। তবে বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। আপাতত মহাসড়কটি চলাচলের উপযোগী করা হবে। পরে মহাসড়কটি সংস্কারে বরাদ্দ চাওয়া হবে।