বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠতার অভিজ্ঞতা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে পথ দেখাবে। এ ক্ষেত্রে কোনো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এই দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক জোরদারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে না।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ আশাবাদের কথা শুনিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের (এমএকেএআইএএস) পরিচালক শ্রীরাধা দত্ত।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান আশেকা ইরশাদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, আমেনা মোহসিন, দেলোয়ার হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল এবং ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভকে দুই নিকট প্রতিবেশীর সম্পর্কের বাঁক পরিবর্তন হিসেবে অভিহিত করেন শ্রীরাধা দত্ত। তিনি বলেন, ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের মধ্য দিয়ে সমন্বিত সহযোগিতার ভিত্তি রচিত হয়। তবে ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তি সই না হওয়ায় সম্পর্কের অগ্রযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে।
শ্রীরাধা দত্ত বলেন, নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ দূর করার ব্যাপারে বাংলাদেশের উদাত্ত সহযোগিতা দুই দেশের সম্পর্ককে ইতিহাসের যেকোনো সময়ের মধ্যে সবচেয়ে ভালো করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিপুল বাণিজ্যবৈষম্য দূর করতে দিল্লির পক্ষ থেকে দেরিতে হলেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু তিস্তার পানিবণ্টন চুক্তি ও সীমান্ত প্রটোকল বাস্তবায়নের বিষয়গুলো সুরাহা না হলেও এসব সমস্যা সমাধানে ভারত আন্তরিক রয়েছে।