ঢাকা-দুবাই গন্তব্যে বিমানের ফ্লাইট সূচির আংশিক পরিবর্তন
ঢাকা-দুবাই আকাশপথের নিয়মিত ফ্লাইট বিজি ০৪৭–এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ঢাকা থেকে রাত ৮টা ৩৫ মিনিটের পরিবর্তে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। ১৬ ডিসেম্বর থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এ ফ্লাইট ওই সময়ে চলবে।
আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।
সংস্থাটির উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর ঢাকা থেকে দুবাইগামী বিশেষ ফ্লাইট বিজি ৪০৪৭ নির্দিষ্ট সময়ে, অর্থাৎ স্থানীয় সময় বিকেল চারটায় ঢাকা ছেড়ে যাবে। দুবাইগামী সব যাত্রীকে ফ্লাইট ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করার অনুরোধ জানিয়েছে বিমান।
বিমান বংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দুবাই রুটে সপ্তাহে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে। আর দুবাই থেকে প্রতিদিন সেখানকার স্থানীয় সময় রাত দুইটায় বিমানের ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।