ঢাকা-দোহার সড়ক সংস্কারের ১৫ দিন পরই খানাখন্দ
উপজেলা পরিষদের উদ্যোগে ঢাকা-দোহার সড়ক সংস্কারের ১৫ দিন পার না হতেই আবারও খানাখন্দ ও গর্ত বেরিয়ে এসেছে। দোহার উপজেলার বাঁশতলা থেকে কার্তিকপুর বাজার পর্যন্ত মেরামত হওয়া রাস্তার করিমগঞ্জ ও চরকুশাই এলাকায় যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সামান্য খোয়া আর পিচ ঢেলে রাস্তা সংস্কার করা হয়। কয়েক দিনের বৃষ্টিতে তা উঠে গিয়ে বহু গর্তের সৃষ্টি হয়েছে। জয়পাড়া কলেজের শিক্ষার্থী আবু নাসের প্রথম আলোকে বলেন, রাস্তা মেরামতের নামে লুটপাট না করে জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে কাজ করা দরকার।যমুনা পরিবহনের চালক আব্দুল জলিল বলেন, রাস্তা সংস্কারের নামে যে কাজ করেছে তা আরও বিপজ্জনক হয়েছে। অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।এ ব্যাপারে কথা বলতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মুন্সিগঞ্জ রেঞ্জের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি ধরেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, সওজকে অনেকবার জানিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।প্রথম আলোতে গত ৯ জুন সংবাদ প্রকাশের পর ঢাকা-দোহার সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।