ঢাকা নগরের ১৫ আসনে ৬১ প্রার্থীর মনোনয়নপত্র জমা
সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা মহানগরের ১৫ আসনে ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার প্রার্থীরা রাজধানীর সেগুনবাগিচার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় মহানগর রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৫৯ জন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।
সামসুদ্দিন আজাদ চৌধুরী জানান, ৯৫টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ঢাকা-৪ আসনে তিনজন, ঢাকা-৫ আসনে সাতজন, ৬, ৭ ও ৮ আসনে পাঁচজন করে, ৯ আসনে তিনজন, ঢাকা-১০, ১১ ও ১২ আসনে দুজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১৩ আসনে তিনজন, ১৪ আসনে চারজন, ১৫ আসনে দুজন, ১৬ আসনে সাতজন, ১৭ আসনে পাঁচজন ও ঢাকা-১৮ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন: ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শহীদুল ইসলাম, ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মিজানুর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদ, ঢাকা-৮ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মনোনয়নপত্র জমা দেন। ঢাকা-৯ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী ও জাতীয় পার্টির দেলোয়ার হোসেন খান রয়েছেন।
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও জাতীয় পার্টির প্রার্থী মো. হেলাল উদ্দিন এবং ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম রহমতউল্লাহ ও জাতীয় পার্টির প্রার্থী হারুন উর রশিদ মনোনয়নপত্র জমা দেন। ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান খান ও জাতীয় পার্টির মো. দেওয়ান আলী, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক মনোনয়নপত্র জমা দেন। গত রোববার ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের আসলামুল হক মনোনয়নপত্র জমা দেন। এ আসনে গতকাল জাসদের প্রার্থী শিরীন আক্তার মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার ও জাসদের মো. সাইফুল ইসলাম, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের মো. ইলিয়াছ উদ্দিন মোল্লা ও জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী মো. মফিজুল হক মনোনয়নপত্র জমা দেন। ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও জাতীয় পার্টির (জেপি) আবদুল লতিফ মল্লিক মনোনয়নপত্র জমা দেন। আর ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের সাহারা খাতুন ও জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন বলে জানা যায়। এ ছাড়া ঢাকা-৭ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাজি মো. সেলিম।