ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক মেরামতের নির্দেশ মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ জঙ্গিবাদ লালন করে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কিছু রাজনৈতিক নেতা তাৎক্ষণিক সুবিধা নিতে তিলকে তাল এবং দিনকে রাত করেন। বিএনপিই জঙ্গিবাদ লালন করে। আওয়ামী লীগ তা দমন করে।
গতকাল বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভাঙা অংশ পরিদর্শনে এসে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পরিদর্শন করে ভাঙা রাস্তা মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পদ্মা সেতুর কাজের অগ্রগতি প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ চলমান। ইতিমধ্যে নদীর তীর রক্ষা প্রকল্পে এক হাজার ৪০০ কোটি টাকার কাজ চলছে। স্থানীয় পরামর্শকের দায়িত্বে আছে সেনাবাহিনী। জাজিরা পয়েন্টে অ্যাপ্রোচ রোড নির্মাণে এক হাজার ৮০০ কোটি টাকার কাজ চলছে।