ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে ১২টি লেভেল ক্রসিং। এসব লেভেল ক্রসিংয়ে নেই কোনো নিরাপত্তাব্যবস্থা। রেললাইনের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, কাঁচাবাজার। ট্রেন এলেই শুরু হয় ছোটাছুটি। এতে প্রায়ই ঘটছে প্রাণহানি। সর্বশেষ গত সোমবার এই পথের পাগলার নন্দলালপুর এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে মোট ২৬টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে বৈধ ১৪টি। বাকি লেভেল ক্রসিংগুলো অননুমোদিত। এগুলোতে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই, নেই কোনো নিরাপত্তারক্ষীও। এ ছাড়া পাগলায় কোনো রেলস্টেশন নেই। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে এখানে ট্রেন থামানোর ব্যবস্থা করা হয়। স্টেশন না থাকা সত্ত্বেও যাত্রী ওঠানামা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া জনসাধারণ লেভেল ক্রসিং গড়ে তুলেছে। এগুলো নিরাপদ রাখতে তাদেরই ব্যবস্থা নেওয়া উচিত।এদিকে শহরের ১ নম্বর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত ৫০০ গজ রেললাইনের দুই ধারে একেবারে পাশ ঘেঁষে গড়ে উঠেছে প্রায় ৪০০ অস্থায়ী দোকানপাট। ট্রেন এলেই শুরু হয় ছোটাছুটি, হাঁকডাক। দোকানি ও ক্রেতারা দোকান ছেড়ে দূরে আশ্রয় নেন। ওই এলাকায় গত ১০ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রেললাইন অবৈধ দখলমুক্ত করা হলেও কয়েক দিন পরই আবার তা দখল হয়ে যায়। নারায়ণগঞ্জ পৌরসভা উচ্ছেদ অভিযান চালালেও রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন বলে জানা গেছে। নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, ‘দেড় বছর আগে যোগাযোগমন্ত্রী নারায়ণগঞ্জ রেলস্টেশনের একটি অনুষ্ঠানে এলে আমি এ ব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করি। যোগাযোগমন্ত্রী তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদ করতে রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত ওই নির্দেশ কার্যকর হয়নি।’নারায়ণগঞ্জ রেলস্টেশনের মাস্টার আবদুল আজিজ বলেন, শহরের ১ নম্বর থেকে ২ নম্বর গেট পর্যন্ত গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা প্রয়োজন। উচ্ছেদকাজে স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে।