ঢাকা-নারায়ণগঞ্জ পথে ডাবল রেললাইন নির্মাণের দাবি
রাজধানীতে এক মতবিনিময় সভায় যাত্রীসেবা বৃদ্ধির জন্য ঢাকা-নারায়ণগঞ্জ পথে দ্রুত ডাবল রেললাইন নির্মাণের দাবি জানিয়েছেন বক্তারা। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডব্লিউবিবি) যৌথ উদ্যোগে গতকাল রোববার রাজধানীর কলাবাগানে পবা কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
সভায় বক্তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ দিয়ে প্রতিদিন চাকরিজীবী, ব্যবসায়ী ও ছাত্রসহ হাজারো মানুষ যাতায়াত করে। কিন্তু ভাঙা আসন, কোচের স্বল্পতা, পর্যাপ্ত আলোর অভাব, ফ্যান ও পয়োব্যবস্থাপনা না থাকা, নারীদের জন্য কম আসনসহ বিভিন্ন কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাবল লাইন নির্মাণ করা হলে বহুসংখ্যক কমিউটার ট্রেন চালুর মাধ্যমে যাত্রী দুর্ভোগ লাঘব করা সম্ভব হতো। এতে রেলওয়ে যেমন স্বনির্ভর হবে, তেমনি ঢাকা শহরের ওপর জনসংখ্যার চাপও কমবে।
ডব্লিউবিবির প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান তাঁর উপস্থাপনায় বলেন, যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে ৬৩৫ কোটি টাকা দিয়ে ডেমু ট্রেন কেনা হলেও তা যাত্রীসেবায় ভূমিকা রাখতে পারেনি। অথচ এই টাকা দিয়ে ২০টি লোকোমোটিভ ও ১০০টি শীতাতপনিয়ন্ত্রিত কোচ কেনা সম্ভব হতো।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহান, ডব্লিউবিবির কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেন, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।